আগাম বসন্ত বন্দনায় রঙে-আনন্দে মাতল গাজোলের আদর্শ পল্লী প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদন :
বসন্তের স্নিগ্ধ হাওয়া বইতে শুরু করতেই চারপাশে ছড়িয়ে পড়েছে রঙিন আবহ। আনুষ্ঠানিক বসন্ত উৎসবের এখনও কয়েকদিন দেরি থাকলেও তার আগেই উৎসবের আমেজে ভেসে গেল মালদার গাজোলের আদর্শ পল্লী প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয় প্রাঙ্গণেই আয়োজিত হয় আগাম বসন্ত উৎসব। এদিন কচিকাঁচা পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারাও সমান উৎসাহে অংশ নেন আনন্দ আয়োজনে। একে অপরকে আবিরে রাঙিয়ে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে গোটা স্কুল চত্বর।

উৎসব উপলক্ষে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট্ট ছাত্রছাত্রীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায়। তাদের পরিবেশনায় ফুটে ওঠে ঋতুর পরিবর্তনের আনন্দ ও প্রাণচাঞ্চল্য।

সব মিলিয়ে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠান। আগাম এই বসন্ত উৎসব বিদ্যালয়ের পড়ুয়াদের মনে বাড়তি আনন্দ জাগিয়ে তোলে এবং বসন্তের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।