নিজস্ব প্রতিবেদন :
শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষ্যে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় অবস্থিত শ্রীনরোত্তম গৌড়ীয় মঠে, ইনডোর স্টেডিয়ামের নিকট, শুরু হতে চলেছে বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালা। ১লা মার্চ থেকে ৪ঠা মার্চ ২০২৬ পর্যন্ত বিভিন্ন আচার-অনুষ্ঠান, শোভাযাত্রা, কীর্তন ও ধর্মসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজ সাজ রব মঠ চত্বরে।

মঠ সূত্রে জানা গিয়েছে, ১লা মার্চ সোমবার দুপুর থেকে শুরু হবে শ্রীশ্রী রাধা-গৌর-গোবিন্দ সুন্দরের মহা সংকীর্তন শোভাযাত্রা। শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে সন্ধ্যায় মঠে ফিরে বিশেষ আরতি ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে।
২রা মার্চ মঙ্গলবার গৌরাবির্ভাব তিথিতে সকাল থেকে চলবে বিশেষ পূজা, নামসংকীর্তন ও ধর্মীয় আলোচনা। বিকেলে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।৩রা মার্চ বুধবারঅনুষ্ঠিত হবে শ্রীজগন্নাথ মিশ্রের আনন্দোৎসব ও মহাপ্রসাদ বিতরণ। ভক্তিমূলক সংগীত, কীর্তন ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।
এ প্রসঙ্গে মঠাধ্যক্ষ ত্রিদন্ডিস্বামী শ্রীভক্তি নিলয় জনার্দন মহারাজ বলেন, “গৌর পূর্ণিমা শুধু একটি তিথি নয়, এটি প্রেম, ভক্তি ও মানবিকতার বার্তা বহন করে। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ আজও সমাজকে একসূত্রে বাঁধতে পারে।
আমরা চাই সকল শ্রেণি-পেশার মানুষ এই মহোৎসবে সামিল হোন এবং নামসংকীর্তনের মাধ্যমে জীবনে শান্তি ও আনন্দ খুঁজে নিন।”তিনি আরও জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই উৎসব সফল হয়ে ওঠে। সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য মঠের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
উৎসব উপলক্ষ্যে মঠ প্রাঙ্গণে ইতিমধ্যেই সাজসজ্জার কাজ শুরু হয়েছে। ভক্তদের মধ্যে উৎসবকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, প্রতি বছরের মতো এবছরও গৌর পূর্ণিমার এই মহোৎসব ভক্তদের মিলনমেলায় পরিণত হবে।

