নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির পূর্ব মিলন পল্লির মিলন সমিতি ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি’র বসন্ত উৎসব। ঋতুর আগমনী সুরে ও রঙিন আবহে সেজে ওঠা এই অনুষ্ঠানে একাডেমির ছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষিকা পারমিতা রাহা। তাঁর সুচিন্তিত উপস্থাপনা ও প্রশিক্ষণের ছাপ স্পষ্টভাবে ধরা পড়ে প্রতিটি পরিবেশনায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপর্ণা ঘোষ চক্রবর্তী, তাঁর সাবলীল উপস্থাপনা পুরো আয়োজনে প্রাণসঞ্চার করে।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিক্তা দে বসু রায় এবং বিশিষ্ট সংগীত শিল্পী পাঞ্চালী চক্রবর্তী। তাঁরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের দ্বার উন্মোচন করেন।বসন্তের রঙ, ছন্দ ও নৃত্যের আবেশে ভরপুর এই সাংস্কৃতিক আয়োজন উপস্থিত দর্শকদের মনে আনন্দ ও উচ্ছ্বাসের সঞ্চার করে। স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু সংস্কৃতিপ্রেমী মানুষ।

