নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ার বেতগাড়ায় অবস্থিত মনোরম পরিবেশের রসিকলালস দ্য ফার্ম বুটিক–এর সবুজ ঘেরা প্রাঙ্গণে আয়োজিত হলো এক সুরেলা প্রাক্-বসন্ত উৎসব। চারপাশে গাছপালার স্নিগ্ধতা, সুইমিং পুল ও পুকুরপাড়ের শান্ত আবহ—সব মিলিয়ে রবিবারের সকাল-দুপুর যেন রঙিন হয়ে উঠেছিল সঙ্গীত ও সংস্কৃতির ছোঁয়ায়।

শিলিগুড়ির সেবক মোড়ের সাংস্কৃতিক সংগঠন ‘গানে গানে আমরা ক’জন’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও শ্রুতি নাটক। সুর ও শিল্পের মেলবন্ধনে উপস্থিত দর্শকরা উপভোগ করেন এক মনোমুগ্ধকর প্রাক বসন্তের অনুষ্ঠান ।
সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতালী ঘোষ। তাঁর সুনিপুণ পরিকল্পনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। তবলায় সঙ্গত করে সঙ্গীত পরিবেশনাকে সমৃদ্ধ করেন রমেন বিশ্বাস। সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের গতিময়তা বজায় রাখেন পল্লবী পাল।
সংগঠনের পক্ষ থেকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন কাকলি পাল, নন্দিতা বৈদ্য, শম্পা পাল ও মিঠু বণিক। পাশাপাশি অতিথি শিল্পীরাও তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানের মর্যাদা আরও বাড়িয়ে তোলেন।শ্রুতি নাটকের আবৃত্তি, সুরেলা গান ও নৃত্যের সম্মিলিত উপস্থাপনা এক অনন্য সাংস্কৃতিক আবহ সৃষ্টি করে।
বহু বছর ধরে ‘গানে গানে আমরা ক’জন’-এর মাধ্যমে মিতালী ঘোষ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন—এই আয়োজন তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। কয়েকজন অতিথি শিল্পীও তাদের প্রতিভা সেখানে মেলে ধরেন

