স্বনির্ভরতার স্বপ্নে এগিয়ে চলা—গুলমার নিচেবাসায় ‘লার্নিং সেন্টার’-এর অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির
উদ্যোগে গুলমা চা-বাগানের নিচেবাসা গ্রামে শিশু, কিশোর-কিশোরী এবং মহিলাদের সার্বিক বিকাশের লক্ষ্যে ধারাবাহিকভাবে গড়ে তোলা হচ্ছে এক ইতিবাচক পরিবর্তনের পরিবেশ। শিক্ষা, পুষ্টি এবং সুরক্ষাকে কেন্দ্র করে “লার্নিং সেন্টার” মডেলে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই স্থানীয় মানুষের জীবনে নতুন দিশা দেখাচ্ছে।

এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে হাতে-কলমে কাজ শেখানোর প্রশিক্ষণ চালু করা হয়েছে। বর্তমানে প্রায় ৩০ জন কিশোরী ও মহিলা এই প্রশিক্ষণের আওতায় যুক্ত হয়েছেন। তাঁদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

প্রশিক্ষণের প্রতিটি পর্বে ধরা পড়ছে শেখার অদম্য আগ্রহ, কঠোর পরিশ্রম এবং নতুন কিছু করার স্বপ্ন। আজকের সেশনেও সেই সুন্দর মুহূর্তগুলিই ফুটে উঠেছে—যেখানে প্রত্যেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন।

সংস্থার পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, এই মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে এগিয়ে আসার জন্য। যার যতটুকু সামর্থ্য, তা দিয়েই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই প্রয়াস আরও বিস্তৃত হবে।শিশুদের সঙ্গে থেকে, তাদের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর আগামী নির্মাণের অঙ্গীকারেই এগিয়ে চলেছে এই উদ্যোগ।