কৃষ্টি -কল্প প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা: নৃত্য, সঙ্গীত ও নাট্যে মুগ্ধ শিলিগুড়ির দর্শক

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় কৃষ্টি-কল্প প্রাঙ্গণে গত ৩১শে মার্চ, মঙ্গলবার এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমী এবং আমরা অপরাজিতা। নৃত্য, সঙ্গীত ও নাটকের সমন্বয়ে সাজানো এই সন্ধ্যা উপস্থিত দর্শকদের এক অন্যরকম সাংস্কৃতিক অভিজ্ঞতা উপহার দেয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত অভিনেতা ও নাট্যশিল্পী রাহুল অরুণোদয় ব্যানার্জীর স্মৃতির উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেন আইনজীবী ও পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী। এরপর আমরা অপরাজিতার পরিবেশনায় ‘ধ্বনিলো রে’ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

নৃত্য মঞ্জিল মিউজিক একাডেমীর অধ্যক্ষা শ্রাবণী চক্রবর্তীর তত্ত্বাবধানে ছোট ছোট শিল্পীদের নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি আলবেলা গোষ্ঠীর পরিবেশিত দুটি লোকসঙ্গীত সকলকে আনন্দে ভরিয়ে তোলে। আমরা অপরাজিতার পরিবেশনায় আধুনিক গানও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

সংগীত পরিবেশনার ধারায় সিন্থেসাইজার সহযোগে জয়ন্ত বসাক নচিকেতা চক্রবর্তী ও অঞ্জন চৌধুরীর জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।অনুষ্ঠানের শেষ পর্বে আনন্দ ভট্টাচার্যের পরিচালনায় শিলিগুড়ি ইঙ্গিত নাট্যগোষ্ঠীর নাট্য পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ।

চমৎকার গল্প ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নাটকটি দর্শকদের মন জয় করে নেয়।অন্যান্য দিনের মতোই সেদিনও প্রাঙ্গণ জুড়ে ছিল দর্শকদের ভিড়, যা অনুষ্ঠানটির জনপ্রিয়তার প্রমাণ দেয়। আগামী ২৮শে এপ্রিল, মঙ্গলবার এই সংস্থার পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।