নিজস্ব প্রতিবেদন :
প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখেই এ বছরও একটু ব্যতিক্রমী ঢঙে বসন্ত উৎসব উদযাপন করল শিলিগুড়ির হায়দরপাড়া ব্যবসায়ী সমিতি। রঙের এই উৎসবকে ঘিরে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয় এক আন্তরিক ও মানবিক উদ্যোগ।

সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা ও সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপির নেতৃত্বে সদস্যরা এদিন পথচলতি মানুষ, স্থানীয় ব্যবসায়ী, সব্জি বিক্রেতা, মাছ বিক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে রঙের আনন্দ ভাগ করে নেন। সকলের কপালে আবির ছুঁইয়ে এবং মিষ্টি বিতরণের মাধ্যমে তাঁরা উৎসবের শুভেচ্ছা জানান।
বিশেষভাবে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাঁদের পায়ে আবির দিয়ে প্রণাম জানান সংগঠনের সদস্যরা। অনেকের সঙ্গে কোলাকুলি করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে তোলেন তাঁরা।
এই উপলক্ষে সুজিত ঘোষ সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। রঙের উৎসবের মধ্য দিয়ে মানবিক সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়াই ছিল এদিনের মূল উদ্দেশ্য

