নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ির প্রধান নগর দক্ষিণ বাঘাযতীন কলোনির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে রেড্ডি স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ বছরও দোল উৎসব অনুষ্ঠিত হলো উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডল প্রাণবন্ত হয়ে ওঠে। গত ২ মার্চ অনুষ্ঠান সম্পন্ন হয় যার নাম ছিলো দোল উৎসব রঙের বাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিল মননে কবিতা গ্রুপ, মেঠোসুর গ্রুপ, ঐক্যতান মিউজিকাল গ্রুপ সহ আরও একাধিক সাংস্কৃতিক সংগঠন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী ও কবি অলোক চক্রবর্তী এবং দূরদর্শন ও বেতার শিল্পী নীলরতন কাঞ্জিলাল।
নৃত্যশিল্পী সুদীপ্তা দাসের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়। এরপর একে একে সংগীত, আবৃত্তি ও নৃত্যের পরিবেশনায় রঙিন হয়ে ওঠে মঞ্চ ও প্রাঙ্গণ।রেড্ডি স্মৃতি ফাউন্ডেশনের তরফে সমাজসেবী ও কবি অর্চনা মিত্র জানান, সবার সহযোগিতায় এ বছরের অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভবিষ্যতেও এই সাংস্কৃতিক ধারাকে বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

