নিজস্ব প্রতিবেদন :
আকাশে-বাতাসে রঙের ছোঁয়া, আর চারদিকে বসন্তের আবাহন। প্রকৃতির এই রূপবদলকে সাক্ষী রেখে এক বর্ণাঢ্য বসন্ত উৎসবে মেতে উঠল ‘নারী শক্তি পরিবার’ ও ‘অপরাজিতা পরিবার’। এনজেপি গেটবাজারের যুব সংঘ ক্লাব চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে দুই পরিবারের মিলনমেলায় সৃষ্টি হয় এক অনন্য সাংস্কৃতিক আবহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিল্পী নবনীতা সেন চৌধুরী, অপরাজিতা পরিবারের কর্ণধার। এছাড়াও উপস্থিত ছিলেন রীতা দত্ত, ইতু দত্ত, ভারতী পাল, বেণু পাল, সুষমা চক্রবর্তী, অপর্ণা দাস, মানসী মন্ডল ও এনাক্ষী বিশ্বাসের মতো গুণী ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অদ্রি দে সরকার ও স্মিতা চক্রবর্তী।
উৎসবের মূল আকর্ষণ ছিল। কবিতা আবৃত্তি ও নৃত্যের এক অপূর্ব যুগলবন্দী। নবনীতা সেন চৌধুরীর কবিতা ও তাঁর শৈল্পিক ভাবনার সাথে মিশে গিয়েছিল নারী শক্তি পরিবারের সদস্যদের অদম্য নৃত্যশৈলী। ছন্দ ও তালের এই মেলবন্ধন বসন্তের এই উৎসবকে দর্শকদের কাছে আরও রঙিন ও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত দর্শকদের মতে, এমন সুন্দর এবং গোছানো অনুষ্ঠান তাঁদের মনে এক গভীর প্রশান্তি তৈরি করেছে। নারী শক্তি পরিবারের কর্ণধার কাকলী বসু বিশ্বাস, অপরাজিতা পরিবারের কর্ণধার নবনীতা সেন চৌধুরী এবং ইন্দ্র কৌশিক চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। সবশেষে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

