নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ির ফুলেশ্বরী নন্দিনী পরিবারের উদ্যোগে ৩ মার্চ শিলিগুড়ি শান্তিনগর বউবাজারের এক মনোরম ছায়াবীথি কাননে আয়োজিত হলো এক নান্দনিক বসন্ত উৎসব। সংগঠনের প্রথম বর্ষের এই বসন্ত আয়োজন শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ সাড়া ফেলেছে। শিলিগুড়ির একাধিক সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান এদিন অংশগ্রহণ করে উৎসবকে করে তোলে বর্ণময় ও প্রাণবন্ত।

অনুষ্ঠানের সূচনায় রাধা-কৃষ্ণের প্রতিকৃতিতে মাল্য অর্পণ ও চরণে আবির নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত সকলে একসঙ্গে রবীন্দ্রসংগীত— “ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল” গেয়ে প্রাঙ্গন পরিক্রমা করেন, যার মধ্য দিয়ে বসন্তের আবাহন আরও উজ্জ্বল হয়ে ওঠে।
এরপর ফুলেশ্বরী নন্দিনীর শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সংগীত অনুষ্ঠানের আবহকে করে তোলে আরও সুরম্য। সংগঠনের সভানেত্রী অনন্যা ভাদুড়ি তাঁর বক্তব্যে বসন্ত উৎসব পালনের অন্তর্নিহিত তাৎপর্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফুলেশ্বরী নন্দিনীর শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও তাঁদের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। হিন্দোল ডান্স আকাদেমির কর্ণধার পৌষালী খাসনবীসের নির্দেশনায় হিন্দোল নৃত্যাঙ্গণের শিল্পীরা উপস্থাপন করেন চিত্তাকর্ষক নৃত্য পরিবেশনা। এছাড়াও সুদীপ ড্যান্স আকাদেমি, কৌশিক নাচ ঘর এবং উল্লাস ড্যান্স আকাদেমির শিল্পীরাও তাঁদের দক্ষতা প্রদর্শন করেন।
বসন্ত ঋতুরাজকে কেন্দ্র করে সংগঠনের নৃত্য-গীতি আলেখ্যে অংশ নেন রত্না ব্যানার্জি, গার্গী বোস, রঞ্জনা সরকার, বাসুদেব ভট্টাচার্য, নীলরতন কাঞ্জিলাল, বেবী কাঞ্জিলাল, মঞ্জু সরকার, রিয়া সরকার, শুভ্রা চৌধুরী, শিপ্রা সাহা, লিপি মুখার্জি, পুষ্প বিশ্বাস, বনশ্রী রায়, দীপিকা দে ভৌমিক, শিপ্রা বিশ্বাস, সমীর দাস, প্রদীপ দাস, শিশু শিল্পী খুশি প্রমুখ।
পম্পা বিশ্বাসের পরিচালনায় “স্বরমালিকা সঙ্গীতালয়”-এর শিল্পীরাও তাঁদের সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুদীপ চৌধুরী।প্রথমবার আয়োজিত এই বসন্ত উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রকৃতির সৌন্দর্য ও আধ্যাত্মিক ভাবনার সাংস্কৃতিক মেলবন্ধন, যা উপস্থিত দর্শকদের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়।

