নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলিগুড়ি শাখার ৫২তম বার্ষিক মহোৎসব শনিবার, ৪ এপ্রিল ২০২৬ তারিখে শুভ সূচনা হয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল পর্যন্ত চলবে এই তিনদিনব্যাপী উৎসব।

শ্রী শ্রী প্রণবানন্দ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই মহোৎসবে রয়েছে হিন্দু ধর্ম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্মেলন, বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাভিষেক, পূজারতি, অন্নকূট ভোগ, বৈদিক শান্তি যজ্ঞ, ভক্তিমূলক সংগীত পরিবেশন, দীক্ষা প্রদান এবং প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ।
এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে ভারত সেবাশ্রম সংঘের সহকারী সম্পাদক শ্রীমৎ স্বামী ধ্যানেশানন্দজী মহারাজসহ বিভিন্ন আশ্রমের বিশিষ্ট সাধু-সন্ন্যাসীরা শিলিগুড়িতে উপস্থিত হয়েছেন। আশ্রমের স্থানীয় সম্পাদক স্বামী ধর্মাত্মানন্দজী মহারাজ জানান, এই উৎসবের মাধ্যমে এক ইতিবাচক ও সৎসঙ্গময় পরিবেশ গড়ে উঠছে।
শনিবার, রবিবার এবং সোমবার প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আগ্রহী নারী-পুরুষদের দীক্ষা প্রদান করছেন শ্রীমৎ স্বামী ধ্যানেশানন্দজী মহারাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা যোগাযোগের জন্য স্বামী অতীশানন্দের সঙ্গে ৯৪৩৪৪৯৪৬৭৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
উৎসবের সূচনা দিনে শনিবার বিকেলে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়, যার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। আশ্রমের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ কুমার নাথ জানান, রবিবার মহাভিষেক, অন্নকূট ভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও সন্ধ্যা সাড়ে ছটা থেকে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।সোমবার সকাল ১০টায় যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় আয়োজন করা হয়েছে বৈদিক শান্তি যজ্ঞ এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে হিন্দু ধর্ম শিক্ষা ও সংস্কৃতি সম্মেলন।
তিনদিনব্যাপী এই মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ তৈরি হয়েছে, যা ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ উৎসাহের সঞ্চার করেছে।

