“২০০-র গণ্ডি পেরিয়ে ঐতিহাসিক জয়”—সকলকে গৈরিক অভিনন্দন জানিয়ে কমল ঘোষের দাবি

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নজিরবিহীন সাফল্যের পর শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র কমল ঘোষ সকলকে গৈরিক অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়া দিলেন। সোমবার রাতে খবরের ঘন্টা-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ২৯ এপ্রিল ভোটগ্রহণের পরই তিনি এই মাধ্যমেই দাবি করেছিলেন যে বিজেপি ২০০-র কাছাকাছি আসন পাবে। কিন্তু বাস্তবে সেই পূর্বাভাসকেও ছাপিয়ে গিয়েছে দলের ফলাফল।

কমল ঘোষের কথায়, বাংলার মানুষ তৃণমূল সরকারের উপর গভীরভাবে অসন্তুষ্ট হয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই অসন্তোষই ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে এবং তার ফলেই বিজেপির এই বড় জয় সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে রাজ্য যেভাবে পিছিয়ে পড়ছিল, তা থেকে মুক্তি পেতে মানুষ এবার নতুন দিশা খুঁজেছে। ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিজেপি পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে বলেও আশ্বাস দেন তিনি।

একই সঙ্গে কমল ঘোষ বলেন, আগামী দিনে বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। “বাঙালি মাছেভাতে, দুধেভাতে থাকবে”—এই বার্তাই দিয়ে তিনি জানান, উন্নয়ন ও স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হতে চলেছে রাজ্যে।