নিজস্ব প্রতিবেদন :
আর্তমানবতার সেবায় ব্রতী হওয়া কেবল একটি দায়িত্ব নয়, বরং একটি নেশা—আর সেই নেশাকেই সম্বল করে সারা বছর নিরলস কাজ করে চলেছে সামাজিক সংগঠন ‘শিলিগুড়ি এন্ড স্মাইল’। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা ভালো মানের পোশাক এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়াই এই পরিবারের মূল লক্ষ্য।

প্রতি মাসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি তারা পৌঁছে গিয়েছিল ডুয়ার্স ও তরাইয়ের চা বাগান সংলগ্ন পিছিয়ে পড়া এলাকাগুলোতে। সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা পরিচ্ছন্ন পোশাকগুলি তুলে দেন প্রায় ৪০০ জন অভাবী মানুষের হাতে। পুরোনো পোশাকের নতুন ছোঁয়ায় মুখে হাসি ফোটে চা শ্রমিক ও তাদের পরিবারের।
রঙের উৎসব হোলি। তাই বড়দের পাশাপাশি খুদেদের আনন্দ দিতেও কার্পণ্য করেনি শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবার। ছোট্ট শিশুদের হাতে তুলে দেওয়া হয় আবির ও হরেক রকমের রং। উৎসবের আনন্দ যাতে কেবল শহরের চার দেওয়ালে আটকে না থেকে চা বাগানের প্রত্যন্ত কুঁড়েঘরেও পৌঁছে যায়, সেই লক্ষ্যেই ছিল এই বিশেষ আয়োজন।
আপনার অব্যবহৃত কিন্তু ভালো অবস্থায় থাকা পোশাক বা অন্য কোনো সাহায্য পৌঁছে দিতে পারেন এই পরিবারের কাছে। আপনার সামান্য সহযোগিতা কারোর মুখে হাসি ফোটাতে পারে।যোগাযোগ: ৭৯০৮৮৪৬৫৮১

