নিজস্ব প্রতিবেদক :
বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এ বছরও নানান সাংস্কৃতিক আয়োজনে মেতে উঠছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি। সংগীত, নৃত্য, কবিতা এবং প্রভাতফেরির মাধ্যমে বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবকে বরণ করে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সমিতির শিলিগুড়ি শাখার সভাপতি অর্চনা মিত্র।

অর্চনা মিত্র কেবল একজন সংগঠক নন, বরং তিনি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশ্বাসী। পরনিন্দা বা নেতিবাচক আলোচনায় সময় নষ্ট না করে তিনি সঙ্গীত, কবিতা এবং সমাজসেবামূলক কাজের মধ্যেই নিজের আনন্দ খুঁজে পান বলে জানান। তাঁর মতে, এই ধরনের সৃজনশীল কাজে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং সমাজেও ইতিবাচক প্রভাব পড়ে।
আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির পাশাপাশি তিনি ঐকতান মিউজিক গ্রুপ এবং রেড্ডি স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’-এর ধারাকে আরও সমৃদ্ধ করে তিনি প্রায় সারা বছরই নানা অনুষ্ঠান আয়োজন করে থাকেন। তাঁর কথায়, “বারো মাসে তেরো পার্বণের থেকেও বেশি অনুষ্ঠান পালন করি আমি।”
বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের আবহ আরও গাঢ় করতে তিনি ‘খবরের ঘন্টা’-র সামনে একটি সঙ্গীত পরিবেশন করেন এবং নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

