নিজস্ব প্রতিবেদক :উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার কলকাতায় আর্টিস্ট ফোরামের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবং একই দিনে রিজেন্ট পার্ক থানাতেও অভিযোগ জানানো হয়। এরপর রাতেই প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা তালসারি থানায় এফআইআর দায়ের করতে পৌঁছন। তার সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্ত।
জানা গেছে, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে কলকাতার পর দ্বিতীয় দফায় উড়িষ্যাতেও মামলা দায়ের করা হল। শনিবার রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ তারা তালসারি থানায় পৌঁছন এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে গভীর রাত, প্রায় ২টো নাগাদ অভিযোগ দায়েরের কাজ সম্পন্ন হয়।
অভিযোগ জানানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বিকেলে কলকাতা থেকে রওনা দিয়ে তাঁরা রাতে তালসারিতে পৌঁছেছেন। সমস্ত নিয়ম মেনেই অভিযোগ দায়ের করতে কিছুটা সময় লেগেছে। তিনি আশাবাদী, পুলিশ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনবে।

