নিজস্ব প্রতিবেদন :
মালদা জেলাশাসকের দপ্তরে যেন হঠাৎই ‘ভূতেদের’ ভিড়। তবে এরা কল্পকাহিনির ভূত নয়—জীবন্ত মানুষ, যাদের নাম সংশোধিত ভোটার তালিকায় ‘ডিলিটেড’ হিসেবে দেখানো হয়েছে। আর সেই কারণেই নিজেদের জীবিত প্রমাণ করতে স্বশরীরে হাজির হয়েছেন কয়েক হাজার মানুষ। ঘটনাকে ঘিরে জেলাশাসকের দপ্তরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ‘জীবিত থাকার’ প্রমাণপত্র হাতে নিয়ে ফর্ম পূরণ করতে দেখা গেল বহু মানুষকে। তাঁদের বক্তব্য, প্রয়োজনীয় সমস্ত নথি আগেই জমা দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট বিএলও-র কাছে। তবুও সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, তাদের নামের পাশে লেখা রয়েছে ‘ডিলিটেড’।
এই পরিস্থিতিতে প্রবল উৎকণ্ঠা নিয়ে জেলাশাসকের দপ্তরে ভিড় জমিয়েছেন তারা। নিজেদের পরিচয় ও অস্তিত্ব প্রমাণ করে আবারও ভোটার তালিকায় নাম ফিরিয়ে আনাই এখন তাঁদের প্রধান লক্ষ্য। ঘটনাটি ঘিরে প্রশ্ন উঠছে নির্বাচন দপ্তরের কাজের পদ্ধতি নিয়েও।

