আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন ঘিরে শিলিগুড়িতে প্রস্তুতি, শনিবার আসতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি মহকুমায় শনিবার অনুষ্ঠিত হতে চলেছে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর । শিলিগুড়ি সংলগ্ন বিধাননগরের গোসাইপুরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে সকাল সাড়ে ১১টা নাগাদ এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আদিবাসী সমাজের আর্থিক উন্নয়ন, সামাজিক পরিস্থিতি এবং বর্তমান সময়ে তাঁদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সম্মেলনে।

রাষ্ট্রপতির সম্ভাব্য আগমনকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে গোসাইপুর এলাকায়। প্রশাসন ও পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা এলাকা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা খতিয়ে দেখতে মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী ও স্নিফার ডগ।

উল্লেখ্য, রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরের মূল সূচি ছিল ৬ ও ৭ মার্চ—দুই দিনের। সেই অনুযায়ী শুক্রবার দার্জিলিংয়ের লোক ভবনে বিকেল ৪টা ১৫ মিনিটে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

সেখানে ১৫০ বছর পূর্তি উপলক্ষে ‘বন্দে মাতরম’-এর স্মরণে দার্জিলিং হিল ফেস্টিভালের সূচনা, ‘রুট অ্যান্ড রিদমস’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন, এনসিসি ক্যাডেটদের র‍্যালির সূচনা এবং আইআইটি খড়গপুরের স্কুল অফ লিডারশিপের উদ্যোগে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ক প্ল্যাটিনাম জুবিলি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনের পরিকল্পনা ছিল।

তবে শেষ মুহূর্তে সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ৬ মার্চের কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ফলে শুক্রবার রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর হচ্ছে না।

বর্তমানে নতুন সূচি অনুযায়ী, শনিবার ৭ মার্চ দার্জিলিং জেলায় একদিনের কর্মসূচিতে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি। সেই দিন শিলিগুড়ি সংলগ্ন গোসাইপুরে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সাঁওতাল (আদিবাসী) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা যাচ্ছে।