নিজস্ব প্রতিবেদন :
গ্রামবাংলার প্রাথমিক শিক্ষাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে এক অভিনব ও যুগান্তকারী উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা নিড (NEED)। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পর্যায়ক্রমে স্মার্ট ক্লাসরুম গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে নিড। এই ধরনের উদ্যোগে নিডই প্রথম পথ দেখাল এবং সেই পরিকল্পনার বাস্তব রূপও দিল তারা।

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের হলধর মন জয় প্রাইমারি স্কুলে নিড-এর উদ্যোগে প্রথম স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে গ্রামের শিশুদের শিক্ষায় ডিজিটাল ব্যবস্থার দরজা খুলে গেল বলে মনে করছেন শিক্ষা মহল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বন্ধু নিমচাঁদ গোপ, পঞ্চায়েত সদস্য দুলাল সিংহ। নিড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পিন্টু ভৌমিক, সম্পাদক বিষ্ণুপদ বিশ্বাস, এবং সদস্য শুভদীপ ঘোষ, আকাশ পাল, শশাঙ্ক শেখর সিংহ, নিরঞ্জন দাস, মধুমিতা দত্ত ও নিবেদিতা মোহন্ত সহ অন্যান্য সদস্যরা।
স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা সায়ন্তি মান্না, বুলটি অধিকারী, স্বাগতা মজুমদার এবং শিক্ষক স্বপন সিংহ।এই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন পর্ব ছিল সম্পূর্ণ আলাদা ও হৃদয়ছোঁয়া। কোনও অতিথি নয়, বরং স্কুলেরই ছাত্র অমিত সরেনের হাত দিয়েই ফিতা কেটে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয়।
ছোট্ট অমিত স্মার্ট টিভির আবরণ উন্মোচন করে ডিজিটাল শিক্ষার এই নতুন অধ্যায়ের সূচনা করে, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।নিড-এর এই উদ্যোগ গ্রামাঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক নতুন দিশা দেখাল বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকেরা। ডিজিটাল শিক্ষার আলোয় আলোকিত হবে গ্রামবাংলার ভবিষ্যৎ—এমনই আশা সকলের।

