অয়েল ইন্ডিয়ার উদ্যোগে অ্যাম্বুলেন্স পেল বিধান নগর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিবেদন :
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধুমডাঙ্গিতে অবস্থিত অয়েল ইন্ডিয়া লিমিটেডের ৮ নম্বর সোনাপুর পাম্প স্টেশনের পক্ষ থেকে মানবিক উদ্যোগের নজির স্থাপন করা হল। সংস্থার উদ্যোগে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল বিধান নগর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির হাতে।

শনিবার ধুমডাঙ্গিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কাটা ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করা হয়। উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী ও রক্তদান আন্দোলনের অগ্রদূত, পুলিশ কর্মী বাপন দাসের হাতে গাড়ির চাবি তুলে দেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র মোহন বোড়া।

চিত্র মোহন বোড়া জানান, বাপন দাসের নেতৃত্বে সারা বছর জুড়ে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ নানা সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়। তাঁর এই নিরলস প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই অয়েল ইন্ডিয়ার তরফে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই পরিষেবা যুক্ত হওয়ায় সমাজসেবার কাজ আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অয়েল ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার অরিন্দম দাস, জেনারেল ম্যানেজার নির্মল দত্ত সহ সংস্থার অন্যান্য আধিকারিকরা এবং বিধান নগর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ।

অ্যাম্বুলেন্স পেয়ে আবেগাপ্লুত বাপন দাস জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রক্তদান কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিবহণ পরিষেবা চালু করা। অয়েল ইন্ডিয়ার সহযোগিতায় সেই স্বপ্ন আজ বাস্তব রূপ পেল। তিনি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিকতার এই উদ্যোগ চোপড়া তথা উত্তরবঙ্গের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন দিশা দেখাবে বলেই মত স্থানীয়দের।চোপড়া থেকে সুবল গোপের প্রতিবেদন
খবরের ঘন্টা, শিলিগুড়ি