পুষ্প প্রদর্শনীতে উপচে পড়া ভিড়, গোলাপ দিবসে বাড়তি উন্মাদনা

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ এখন রঙিন ফুলের সমারোহে মুখর। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পুষ্প প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজক শিলিগুড়ি হরটিকালচার সোসাইটি। প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন মনকে একটু সবুজে ভরিয়ে নিতে।

গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকার সারি যেন রঙের কারুকাজে সাজানো এক জীবন্ত ক্যানভাস। কেউ প্রিয়জনের হাত ধরে ফুলের সামনে দাঁড়িয়ে সময় কাটাচ্ছেন, কেউ বা মোবাইল ক্যামেরায় বন্দি করছেন রঙিন মুহূর্ত। বিশেষ করে ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবসে গোলাপের টবগুলির সামনে দেখা যায় আলাদা উচ্ছ্বাস—অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছবি তোলেন, সেলফিতে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।

এবারের প্রদর্শনীতেও সকলকে তাক লাগিয়ে একাধিক পুরস্কার জিতে নিয়েছেন শিলিগুড়ির এস এফ রোডের বাসিন্দা কৌস্তভ বিশ্বাস। বহু বছর ধরে নিজের বাড়ির ছাদে যত্নে গড়ে তুলেছেন এক অনন্য ছাদবাগান, যা শহরের উদ্যানপ্রেমীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর সাফল্য আবারও প্রমাণ করল—নিষ্ঠা ও ভালোবাসা থাকলে ছোট্ট ছাদও হয়ে উঠতে পারে রঙিন সম্ভাবনার দিগন্ত।

ফুলের প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। আবার আশ্রমপাড়ার অশোক সরকারের গোলাপ ফুলের টবগুলো দেখে সকলেই ভূয়সী প্রশংসা করছেন। অশোকবাবুও গোলাপ ফুলের চাষ করেন বাড়ির ছাদ বাগানে।

শিলিগুড়ি হরটিকালচার সোসাইটির সাধারণ সম্পাদক প্রশান্ত সেন জানিয়েছেন, এবছরও প্রদর্শনীতে দারুণ সাড়া মিলেছে। শহরবাসীর উৎসাহ ও অংশগ্রহণই এই আয়োজনকে সার্থক করে তুলেছে।সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পুষ্প প্রদর্শনী এখন শিলিগুড়ির প্রাণের উৎসব—যেখানে রঙ, সুবাস আর আনন্দ একসূত্রে বাঁধছে সকলকে।