নিজস্ব প্রতিবেদন :
শিক্ষার সঙ্গে ইতিহাসকে সরাসরি পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি মহকুমার বিধান নগরের মুরালীগঞ্জ হাইস্কুল। রবিবার স্কুলের পক্ষ থেকে প্রায় ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়ি ভ্রমণের। একদিকে পিকনিকের আনন্দ, অন্যদিকে শিক্ষামূলক সফর—দুইয়ের মিলনে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলমের নেতৃত্বে প্রায় ১০ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে একাধিক স্কুল বাসে করে ছাত্রছাত্রীরা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। ঐতিহ্যবাহী রাজবাড়ি ঘুরে দেখার পাশাপাশি তারা রাজ আমলের ইতিহাস, সেই সময়কার রাজাদের সম্পর্কে নানা তথ্য জানতে পারে।
রাজবাড়ির ভেতরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা ইতিহাসকে নতুনভাবে অনুভব করার সুযোগ পেয়েছে বলে জানায়।প্রধান শিক্ষক সামসুল আলম জানান, এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে ছাত্রছাত্রীরা বইয়ের বাইরে ইতিহাসকে কাছ থেকে উপলব্ধি করতে পারে। ভবিষ্যতেও স্কুলের তরফে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিন রাজবাড়ি দর্শনের পাশাপাশি ছাত্রছাত্রীরা কোচবিহারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান—সাগরদীঘি, জেনকিন্স স্কুল এবং মদন মোহন বাড়িও ঘুরে দেখে। শিক্ষা ও আনন্দে ভরা এই ভ্রমণে অংশ নিয়ে সকলেই অত্যন্ত উচ্ছ্বসিত বলে জানিয়েছে।

