নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি মহকুমায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) কর্মসূচির আয়োজন করা হলো। এই উদ্যোগটি অনুষ্ঠিত হয় ইলা পাল চৌধুরী মেমোরিয়াল ট্রাইবাল হিন্দি হাই স্কুলে , যেখানে ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা পরিবেশ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এথিকাল ইলেকট্রোরাল প্র্যাকটিস বা নৈতিক নির্বাচন চর্চা বিষয়কে কেন্দ্র করে আয়োজিত ‘সিট অ্যান্ড ড্র’ প্রতিযোগিতা। প্রায় ১০০ জন ছাত্রছাত্রী এতে অংশ নেয় এবং নিজেদের সৃজনশীলতার মাধ্যমে গণতন্ত্রের বার্তা তুলে ধরে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পদক প্রদান করা হয় শিলিগুড়ি মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে।
এর পাশাপাশি আয়োজন করা হয় একটি মানবশৃঙ্খল, যার মাধ্যমে “Darjeeling Votes” বার্তা তুলে ধরে ভোটদানে সকলের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই মানবশৃঙ্খল ছিল সচেতনতার এক দৃশ্যমান প্রতীক, যা স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে।
অনুষ্ঠান প্রাঙ্গণে একটি বিশেষ ‘সেলফি জোন’-এর ব্যবস্থাও করা হয়, যেখানে ছাত্রছাত্রী ও উপস্থিত ব্যক্তিরা ছবি তুলে গণতন্ত্রের এই উৎসবকে স্মরণীয় করে রাখেন।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ভোটদানের গুরুত্ব ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার প্রয়াস স্পষ্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল গণমাধ্যমকে এই ইতিবাচক উদ্যোগটি তুলে ধরার আহ্বান জানিয়েছে, যাতে সমাজের বৃহত্তর অংশে পৌঁছে যায় গণতন্ত্রের এই বার্তা।

