নিজস্ব প্রতিবেদন :
৮ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শুরু হয়েছে তিনদিনের ‘লোকনৃত্যের কর্মশালা ও অনুষ্ঠান’। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, দার্জিলিং-এর সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে ।

কর্মশালার সূচনালগ্ন থেকেই দীনবন্ধু মঞ্চ চত্বর মাদল ও ধামসার সুরে মুখর হয়ে উঠেছে। তরাই ও ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে বহু লোকনৃত্য শিল্পী অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। বিশেষ করে আদিবাসী ও নেপালি শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল রঙিন ও প্রাণবন্ত হয়ে উঠেছে। তাঁদের ঐতিহ্যবাহী পোশাক, তালের ছন্দ এবং দলীয় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করছে।
জানা গিয়েছে, বিভিন্ন জেলা থেকে প্রায় ১৮০ জন লোকশিল্পী এই তিনদিনের কর্মশালায় অংশ নিচ্ছেন। কর্মশালার মূল লক্ষ্য লোকনৃত্য ও আদিবাসী সংস্কৃতির সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের কাছে তার সঠিক পরিচিতি তুলে ধরা।
এ বিষয়ে লোকসংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্ব নকুল বাঘোয়ার বলেন, “তরাই ও ডুয়ার্সের বহু আদিবাসী লোকনৃত্য শিল্পী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
বর্তমানে বহু আদিবাসী লোকনৃত্য ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে। আমরা চাই এই কর্মশালার মাধ্যমে সেই সংস্কৃতির নতুন করে পুনরুজ্জীবন ঘটুক।”তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগ শিল্পীদের মধ্যে পারস্পরিক আদান-প্রদান ও শেখার সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনের ভিত্তি হতে পারে।
তিনদিনের এই আয়োজন শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি লোকঐতিহ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। শিলিগুড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে এই কর্মশালা নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন সংস্কৃতি মহল।
লোকসংস্কৃতির বর্ণময় আবহে দীনবন্ধু মঞ্চ চত্বর এখন যেন এক মিলনমেলা—যেখানে তালের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে আছে তরাই-ডুয়ার্সের মাটি, মানুষ ও তাদের চিরন্তন ঐতিহ্য

