বৃদ্ধাশ্রমে মধ্যাহ্নভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস উদযাপন রেড্ডি স্মৃতি ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বিশেষ কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ির রেড্ডি স্মৃতি ফাউন্ডেশন। সমাজের প্রবীণ মানুষদের পাশে থাকার বার্তা নিয়েই রবিবার আয়োজন করা হয় এক মানবিক উদ্যোগের।
সংস্থার পক্ষ থেকে শিলিগুড়ির “আপনা ঘর” বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

প্রতি বছরই এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রাখে রেড্ডি স্মৃতি ফাউন্ডেশন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অর্চনা মিত্র, সভাপতি কণিকা দাস, তপন রায়সহ আরও অনেক সদস্য ও শুভানুধ্যায়ী। উপস্থিত নারী ও পুরুষদের গামছা ও উত্তরীয় পরিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও নৃত্য, সঙ্গীত এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এক অন্যরকম পরিবেশে উদযাপিত হয় দিনটি। আনন্দঘন এই আয়োজনে বৃদ্ধাশ্রমের আবাসিকরাও অংশ নেন এবং দিনটি সবার কাছে স্মরণীয় হয়ে ওঠে।