নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ির ব্যস্ত বাজারের ভিড়ের মাঝেই তৈরি হয়েছে এক অন্যরকম ঠিকানা—যেখানে শুধু খাবার নয়, বদলে যাচ্ছে বহু মানুষের জীবন। চা বাগানের সংকট, কর্মসংস্থানের অভাব আর অনিশ্চয়তার অন্ধকারের মধ্যে এই উদ্যোগ যেন আলোর দিশা। এখানে এক প্লেট গরম খাবার মানে শুধু স্বাদ নয়, কারও ভবিষ্যতের হাতছানি। লাইভ কিচেন, সাশ্রয়ী দাম, আর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মেলবন্ধন—সব মিলিয়ে এই রেস্তোরাঁ আজ তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে ভরসার জায়গা।

শিলিগুড়ির প্রাণকেন্দ্রে শেঠ শ্রীলাল মার্কেটের মোমো গলির পাশেই গড়ে উঠেছে ‘Smoky N Spicy’—একটি রেস্তোরাঁ, যা আজ শুধুই ব্যবসা নয়, বরং একটি সামাজিক আন্দোলনের নাম। পাহাড় থেকে তরাই-ডুয়ার্স—বহু জায়গাতেই বন্ধ বা রুগ্ন চা বাগানের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। বিশেষ করে তরুণ-তরুণীদের সামনে তৈরি হয়েছে কর্মসংস্থানের সংকট। ঠিক এই পরিস্থিতিতেই এই উদ্যোগ যেন এক নতুন পথ দেখাচ্ছে।
২০২২ সালের পয়লা বৈশাখে কেন্দ্র সরকারের প্রকল্পে রাজ্য সরকারের সহযোগিতায়, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের আওতায় এই রেস্তোরাঁর সূচনা করেন তরুণ সমাজসেবী কৌশিক চক্রবর্তী। তাঁর মূল লক্ষ্য ছিল— সরকারের নীতি অনুযায়ী কর্মসংস্থানের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলা।
এই রেস্তোরাঁয় কাজ করছেন চা বাগান ও বস্তি এলাকার বহু ছেলে-মেয়ে। কারও হাতে আজ সংসারের হাল, কেউ আবার নিজের পড়াশোনার খরচ তুলছেন এখান থেকেই। আলিপুরদুয়ারের সঙ্কোশ চা বাগানের ইমানুয়েল সার্কি একসময় চা পাতা তুলে দিন কাটাতেন, আজ তিনি এখানে কাজ করে বিজ্ঞান নিয়ে কলেজে পড়ছেন।
অন্যদিকে এবেন্দার রাই, যিনি এক রুগ্ন চা বাগান থেকে উঠে এসেছেন, এখন রান্নাঘরে কাজ করে নিজের পরিবারকে নতুন করে দাঁড় করানোর স্বপ্ন দেখছেন।খাবারের দিক থেকেও ‘Smoky N Spicy’ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে শহরের খাদ্যরসিকদের কাছে। সকালের নাস্তা থেকে রাতের ডিনার—সবই পাওয়া যায় এখানে।
ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল থেকে সাউথ ইন্ডিয়ান—বৈচিত্র্যময় মেনুতে রয়েছে নানা স্বাদের সমাহার। বিশেষ আকর্ষণ লাইভ কিচেন, যেখানে চোখের সামনে তৈরি হয় গরম, টাটকা খাবার, স্বাস্থ্যবিধি মেনে।মধ্যবিত্তের নাগালের মধ্যেই রাখা হয়েছে খাবারের দাম। শপিং করতে এসে বিধান মার্কেট বা হংকং মার্কেট ঘুরতে ঘুরতে সহজেই ঢুঁ মারা যায় এখানে।
এমনকি ক্রেতাদের জন্য রয়েছে লাগেজ রাখার ও ফ্রেশ হওয়ার সুবিধাও। খুব শীঘ্রই চালু হতে চলেছে লজিং পরিষেবাও, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।
আজ ‘Smoky N Spicy’ শুধু একটি রেস্তোরাঁ নয়—এটি এক সামাজিক পরিবর্তনের প্রতীক। এখানে “Smoky” মানে ধোঁয়া ওঠা গরম খাবার, আর “Spicy” মানে জীবনের হারিয়ে যাওয়া স্বাদ ফিরে পাওয়া।
স্বাদে ভরপুর, আড্ডায় অটুট—এই ঠিকানায় একবার গেলে বোঝা যায়, এখানে প্রতিটি প্লেটে শুধু খাবার নয়, পরিবেশন করা হয় এক টুকরো আশার গল্প।

