নাগরিক পরিষেবায় নতুন গতি—শিলিগুড়ি পুরনিগমে একাধিক আধুনিক প্রকল্পের সূচনা

নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ি শহরবাসীর জন্য আরও উন্নত ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে মঙ্গলবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করল শিলিগুড়ি পুরনিগম। মেয়র গৌতম দেবের হাত ধরে এদিন বিভিন্ন অত্যাধুনিক পরিকাঠামো ও জনমুখী প্রকল্পের শুভ সূচনা হয়।

পুরনিগম সূত্রে জানা গেছে, শহরের জরুরি পরিষেবাকে আরও কার্যকর করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রিকভারি ভ্যান চালু করা হয়েছে। দুর্ঘটনা বা যানবাহন বিকল হওয়ার ক্ষেত্রে এই ভ্যান দ্রুত উদ্ধারকাজে ব্যবহৃত হবে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ও উঁচু ভবনে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সংযোজিত হয়েছে একটি হাইড্রোলিক ইলেকট্রিক ল্যাডার।

স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চালু হয়েছে একটি আধুনিক মোবাইল বায়ো-টয়লেট ভ্যান, যা শহরের বিভিন্ন প্রান্তে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
এছাড়াও “আমাদের পাড়া, আমাদের সমাধান” উদ্যোগের আওতায় দুটি নতুন অ্যাম্বুলেন্স সংযোজন করা হয়েছে, যাতে জরুরি স্বাস্থ্য পরিষেবা দ্রুত নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

একইসঙ্গে কেন্দ্রীয় প্রকল্প “হাউজিং ফর অল ২.০”-র অন্তর্গত একটি আকর্ষণীয় টেবলোও উদ্বোধন করা হয়, যা প্রকল্পের বার্তা ও উদ্দেশ্য তুলে ধরবে সাধারণ মানুষের কাছে।
পুরনিগমের এই পদক্ষেপ শহরের পরিকাঠামো ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।