জলপাইগুড়িতে শান্তিপূর্ণভাবে শেষ মাধ্যমিক, পরীক্ষা শেষে রঙে-আনন্দে মাতল পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন :
নির্বিঘ্ন পরিবেশেই এ বছর মাধ্যমিক পরীক্ষার লিখিত পর্বের সমাপ্তি ঘটল জলপাইগুড়ি জেলায়। গত ২ ফেব্রুয়ারি বাংলা পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছিল এবারের পরীক্ষা। বুধবার, ১১ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো লিখিত অংশ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

পরীক্ষা শেষে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়সহ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ধরা পড়ল এক আনন্দঘন চিত্র। কেন্দ্র থেকে বেরিয়ে অনেক পরীক্ষার্থী রঙ খেলায় মেতে ওঠে। দোল উৎসবের এখনও কিছুটা সময় বাকি থাকলেও এদিন স্কুলের সামনেই আবিরে রঙিন হয়ে ওঠে পরিবেশ।

জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিন হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ বন্ধুদের সঙ্গে আলিঙ্গনে মেতেছে, কেউ আবার অভিভাবকের কাছ থেকে মোবাইল নিয়ে বান্ধবীদের সঙ্গে সেলফিতে বন্দি করেছে বিশেষ মুহূর্ত। পরীক্ষার অভিজ্ঞতা জানতে চাইলে বহু ছাত্রীই জানায়, তাদের পরীক্ষা ভালো হয়েছে। এখন কয়েকদিন বিশ্রাম আর আনন্দের সময়।

জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৮৮৮ জন। জেলার ৯৪টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পরীক্ষা। উল্লেখযোগ্য বিষয়, অন্যান্য বছরের মতো এ বারও ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি ছিল।

সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে অভিভাবক ও শিক্ষকমহলে। আর পড়ুয়ারা এখন ফলাফলের অপেক্ষায়, নতুন স্বপ্ন নিয়ে আগামী দিনের পথে এগোতে প্রস্তুত।