নিজস্ব প্রতিবেদন :
হাওড়ার বাগনান থানার অন্তর্গত মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠে এ বছর মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্র ছিল। পরীক্ষা চলাকালীন কেবল পরীক্ষার্থীদেরই নয়, অভিভাবকদের উপস্থিতিতেও সরগরম ছিল সংলগ্ন বিস্তীর্ণ মাঠটি। গত কয়েকদিন ধরে সেই মাঠ যেন রূপ নিয়েছিল এক অনানুষ্ঠানিক সমাবেশস্থলে।

অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা, চা-বিস্কুট ও পানীয় জলের ব্যবস্থা—সব মিলিয়ে সেখানে তৈরি হয়েছিল স্বস্তিদায়ক পরিবেশ। পরীক্ষা চলার সময়টুকুতে কেউ গল্পে মেতেছেন, কেউ আলাপ-আলোচনায় কিংবা হালকা খুনসুটিতে কাটিয়েছেন সময়। অনেকের কথায়, এই কয়েকদিন একে অপরের সঙ্গে যে সখ্যতা গড়ে উঠেছে, তা তারা আগামী দিনে মিস করবেন।
অন্যদিকে, পরীক্ষা শেষের আনন্দে উচ্ছ্বসিত ছিল ছাত্রছাত্রীরাও। এদিন পরীক্ষার্থীদের হাতে চারাগাছ ও মিষ্টির প্যাকেট তুলে দেন বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসিক রহমান। তাঁর এই উদ্যোগে খুশি হয় পড়ুয়ারা।
উল্লেখ্য, দামোদর নদীর তীরে অবস্থিত এন বি এম ফুটবল মাঠ গত কয়েকদিন ধরে অভিভাবকদের মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। মাধ্যমিক শেষ হওয়ায় সেই প্রাণবন্ত পরিবেশে আপাতত ইতি। আবার এক বছর পর, নতুন ব্যাচের পরীক্ষার্থীদের সঙ্গে এই মিলনমেলার পুনরাবৃত্তির অপেক্ষায় থাকবেন সকলে।

