নিজস্ব প্রতিবেদন :
আসন্ন নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দার্জিলিং জেলার প্রশাসনিক কর্তারা। কেউ যদি কোনোভাবে ভয় প্রদর্শন করেন বা ভোটদানে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে সঙ্গে সঙ্গে ১৯৫০ টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

দার্জিলিং-এর জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক হরিশঙ্কর পানিকার এক আবেদনে জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিলের ভোট শুধুমাত্র একটি প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্রের এক বড় উৎসব। তিনি সকল ভোটারকে এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে, দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, কোনোভাবেই কাউকে ভয় দেখিয়ে বা প্রভাবিত করে ভোট আদায় করা চলবে না। প্রত্যেক ভোটার যেন নিজের ভোট নিজে দেন এবং সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে ইভিএমে নিজের মতামত ব্যক্ত করেন, সে দিকেই জোর দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, ছাপ্পা ভোট, বুথ দখল বা বুথ জ্যামিংয়ের মতো বেআইনি কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেও আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার।
সব মিলিয়ে, গণতন্ত্রের এই মহোৎসবে নির্ভয়ে অংশ নিতে সকলের কাছে আবেদন জানিয়েছে জেলা প্রশাসন।

