নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়ির হায়দরপাড়া শ্রী মা সরণিতে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের নর্থ ইস্ট শাখার উদ্যোগে আয়োজিত হলো নারী অধিকার বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। সমাজে মহিলাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সমঅধিকারের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, মহিলা সভাপতি শেলি মুখার্জি, নর্থ ইস্ট সভাপতি এম ডি ইমরান, সিকিম সভাপতি হেমন্ত পোদায়াল, দার্জিলিং সভাপতি আব্রার চৌধুরী, দার্জিলিং ভাইস প্রেসিডেন্ট সজিদ চৌধুরী, শিলিগুড়ি সভাপতি আশু সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সন্দীপ সেনগুপ্ত, শিলিগুড়ি মহিলা পুলিশের আধিকারিক নিদেন শেরপা ও তাঁর দল, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্দীপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মঞ্চে আগত অতিথি ও সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
ডা. সন্দীপ সেনগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার এত বছর পরেও নারী অধিকার নিয়ে নতুন করে সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা আরও বাড়ানো দরকার। তিনি সকলকে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করার আহ্বান জানান।
মহিলা পুলিশ আধিকারিক নিদেন শেরপা বলেন, কেবল স্লোগান নয়, শিক্ষার মাধ্যমেই প্রকৃত সচেতনতা গড়ে উঠতে পারে। শিক্ষা মানুষকে নিজের অধিকার সম্পর্কে অবগত করে এবং আত্মবিশ্বাসী করে তোলে।
অতীন্দ্র ঘোষ তাঁর বক্তব্যে জানান, নারীরা আজ স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সহ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের সামগ্রিক উন্নতির জন্য নারী-পুরুষ সমান অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
শিলিগুড়ি শাখার পক্ষ থেকে জানানো হয়, সমাজে ছেলে-মেয়ে ভেদাভেদ বন্ধ করতে হবে এবং কন্যাসন্তানদের সমান সুযোগ ও অধিকার প্রদান করতে হবে। নারী-পুরুষ সমতার ভিত্তিতেই সুস্থ ও প্রগতিশীল সমাজ গড়ে উঠতে পারে। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।

