নিজস্ব প্রতিবেদক :
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট–১-এর সহযোগিতায় মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে। অনুষ্ঠানে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্রী এবং শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয়ের ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের স্বামী রাঘবানন্দ মহারাজ, এনবিএমসি অ্যান্ড এইচ-এর স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সন্দীপ সেনগুপ্ত, মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ গোবিন্দ চন্দ্র বসাক, শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের টিচার-ইন-চার্জ ডাঃ দীপ্তি ভট্টাচার্য, এনএসএস ইউনিট–১-এর প্রোগ্রাম অফিসার বিপ্লব সাহা এবং জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা।
সভায় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কর্ণধার তরুণ কুমার মাইতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ‘মাইন্ড ম্যাপিং’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি মানসিক রোগের কারণ, প্রতিরোধের উপায় এবং সুস্থ মানসিকতার চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কেও তিনি সচেতনতার বার্তা দেন।
মেন্টাল হেলথ প্রজেক্টের কাউন্সিলর অঞ্জলি দাস ‘স্টিগমা ও বৈষম্য হ্রাস’ বিষয়ক আলোচনা করেন এবং মানসিক সমস্যাকে সামাজিক লজ্জা বা কুসংস্কারের চোখে না দেখার আহ্বান জানান। প্রকল্পের সহযোগী পবন বিশ্বকর্মা, কর্ণদেব রায় ও অন্যান্য সদস্যরা মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়গুলি তুলে ধরেন।
এছাড়াও পড়াশোনার চাপ ও বিভিন্ন মানসিক টানাপোড়েনের ফলে ছাত্রছাত্রীদের জীবনে যে সমস্যাগুলি দেখা দেয় এবং সেগুলির সম্ভাব্য সমাধান কী হতে পারে, তা নিয়ে ‘আনন্দধারা নাট্যদল’-এর শিল্পীরা একটি নাটক পরিবেশন করেন।
নাটকটি উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সার্বিকভাবে, এই আলোচনা সভা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

