সেমিস্টার ব্যবস্থায় উচ্চ মাধ্যমিকের নতুন যাত্রা, শিলিগুড়িতে কঠোর নিরাপত্তায় শুরু চতুর্থ পর্ব

নিজস্ব প্রতিবেদন :
রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হল বৃহস্পতিবার । চালু হওয়া সেমিস্টার পদ্ধতিতে শুরু হয়েছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন মূল্যায়ন প্রক্রিয়ার পথচলা শুরু হয়। সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে।

শিলিগুড়ি সমতল শিক্ষা জেলায় চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৪১ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,৮৬৮ এবং ছাত্রীর সংখ্যা ৬,৩৭৩—অর্থাৎ ছাত্রীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি।পরীক্ষাকে সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে শিক্ষা পর্ষদ বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে।

শিলিগুড়ি মহকুমায় মোট ৩৫টি ভেনু নির্ধারিত হয়েছে, যার মধ্যে ১৭টি মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও গুরুত্বের কারণে সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে উপস্থিত হতে শুরু করে।

নতুন সেমিস্টার পদ্ধতি ঘিরে অভিভাবকদের মধ্যেও কিছুটা উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। বহু অভিভাবককে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চতুর্থ সেমিস্টারের এই পরীক্ষা পর্ব।শিক্ষাবিদদের মতে, সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় পড়াশোনার চাপ ধাপে ধাপে ভাগ হবে এবং মূল্যায়ন প্রক্রিয়াও আরও স্বচ্ছ ও কার্যকর হয়ে উঠবে।