নিজস্ব প্রতিবেদন :
ভোটের মরশুমে বিভিন্ন কারণে রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে তীব্র রক্তের অভাব। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে সামনে এলেন শিলিগুড়ি মহকুমার বিধান নগরের বাসিন্দা পুলিশ কর্মী ও সমাজকর্মী বাপন দাস।

শনিবার চোপড়ার মের্ধাগছ এলাকায় হরি বাসর কমিটির উদ্যোগে নব, বসন্ত ও মনোজদের সহযোগিতায় হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আয়োজিত হয় একটি বিশেষ রক্তদান শিবির। শুধু রক্তদানই নয়, শিবিরে উপস্থিত সাধারণ মানুষের জন্য রাখা হয়েছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশনের ব্যবস্থাও।
বাপন দাস জানান, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রক্তদান শিবির আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি প্রকট হয়েছে। সেই সংকট কাটাতে গত সপ্তাহে বাগডোগরায় একটি শিবিরের আয়োজন করা হয়েছিল মেডিক্যাল ব্লাড ব্যাংকের জন্য, আর এই সপ্তাহে চোপড়ায় ইসলামপুর ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে আয়োজন করা হল এই শিবির।
এই উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ৫৬ বছর বয়সী রিতা হালদার, যিনি শিবিরে খিচুড়ি রান্নার দায়িত্বে ছিলেন, তিনিও জীবনে প্রথমবার রক্তদান করে নজির গড়লেন।
এই মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় চোপড়ার মের্ধাগছ গ্রামের বাসিন্দাদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। সমাজের প্রয়োজনে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আশাবাদী আয়োজকরা।

