বায়ু দূষণেই বাড়ছে ডায়াবেটিস — সতর্কবার্তা ডাঃ শঙ্খ সেনের, সচেতনতা শুরু হোক স্কুল থেকেই

নিজস্ব প্রতিবেদন, ১৩ নভেম্বর:
পরিবেশ দূষণ আজ শুধু শ্বাসকষ্ট বা ফুসফুসের রোগের কারণ নয়— ক্রমে এর ছায়া পড়ছে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গেও। বিশেষ করে বায়ু দূষণ এখন ডায়াবেটিসের অন্যতম নতুন কারণ হিসেবে সামনে আসছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস (১৪ নভেম্বর)-এর প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ তথ্য খবরের ঘন্টাকে জানালেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) শিলিগুড়ি শাখার সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ শঙ্খ সেন। তাঁর মতে, “দূষিত বাতাসে উপস্থিত অতিক্ষুদ্র কণিকা শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, যার ফলে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিসের প্রবণতা দ্রুত বেড়ে যায়।”

ডাঃ সেন বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু-কিশোরদের মধ্যে বাড়তে থাকা ডায়াবেটিস নিয়ে। তিনি জানিয়েছেন, “আজকাল ছোটবেলা থেকেই শিশুরা স্ক্রিনে বেশি সময় কাটায়, বাইরে খেলাধুলা কম করে এবং ফাস্টফুডে অভ্যস্ত হয়ে পড়ছে— যার ফলশ্রুতিতে অল্প বয়সেই দেখা দিচ্ছে ডায়াবেটিস।”

তাঁর পরামর্শ, স্কুল স্তর থেকেই ডায়াবেটিস সচেতনতা কর্মসূচি চালু করা জরুরি, যাতে ছাত্রছাত্রীরা শৈশব থেকেই সঠিক খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জানে।

ডাঃ সেনের বার্তায় স্পষ্ট— পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর জীবনযাত্রা মিলেই বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি। তাই এখনই দরকার সম্মিলিত প্রচেষ্টা— পরিষ্কার পরিবেশ, সচেতন সমাজ ও স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়া।