নিজস্ব প্রতিবেদক :
বাংলা, বিহার ও সিকিমকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কপথ শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ জোরদার হয়েছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। সেই সমস্যা নিরসনে রেল দফতরের সহায়তায় রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে নির্ধারিত তিন ঘণ্টার রেল ব্লক নিয়ে গার্ডার বসানোর কাজ শুরু হয়। সূত্রের খবর, মোট ছয়টি গার্ডার স্থাপন করা হবে। কাজের সুবিধার্থে প্রতিদিন রাতের নির্দিষ্ট সময়ে প্রায় তিন ঘণ্টা রেল চলাচল বন্ধ রাখা হচ্ছে এবং সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। রাত দু’টোর মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
গার্ডার বসানোর সময় নির্দিষ্ট সময়সীমায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি সড়কপথেও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাতে নির্বিঘ্নে নির্মাণকাজ সম্পন্ন করা যায়।
জাতীয় সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার (উত্তর) দীপক সিং জানান, রেল দফতর, বিদ্যুৎ বিভাগ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক শাখার সমন্বয়ে এই কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই গার্ডার বসানোর কাজ শেষ করতে তিন দিনের সময়সীমা ধরা হয়েছে। তবে শুক্রবার রাতের মধ্যেই কাজ সম্পূর্ণ হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।
কাজের সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি শামসুদ্দিন আহমেদ, দার্জিলিং মোড় ট্রাফিক ইন্সপেক্টর রিদাম সাহা, বালাসন ট্রাফিক ওসি গোবিন্দ রায় এবং রেল ও সড়ক দফতরের ইঞ্জিনিয়াররা।
ট্রাফিক ডিসিপি জানান, নির্মাণকাজ চলাকালীন সাধারণ মানুষের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ারদের মতে, ROB নির্মাণ সম্পূর্ণ হলে ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুততর হবে এবং দার্জিলিং মোড়ের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে।

