অ্যাডমিট কার্ড ভুলে বিপাকে পরীক্ষার্থী, মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ

নিজস্ব প্রতিবেদন :
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসে চরম উদ্বেগে পড়ে এক পরীক্ষার্থী। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের তৎপরতায় প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে পৌঁছে যায় সেই গুরুত্বপূর্ণ নথি, আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পরীক্ষায় বসতে পারে ছাত্রটি।

ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কোলা ইউনিয়ন হাই স্কুল পরীক্ষাকেন্দ্রের। বৈষ্ণবচক উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমেন পাড়ই নির্ধারিত কেন্দ্রে পৌঁছে বুঝতে পারেন, তাঁর অ্যাডমিট কার্ড সঙ্গে নেই। মুহূর্তে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। বিষয়টি জানাজানি হতেই এগিয়ে আসে কোলাঘাট পুলিশ প্রশাসন।

জানা যায়, সৌমেনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মাগুরিয়া গ্রামে। দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। পরিস্থিতির গুরুত্ব বুঝে কোলাঘাট থানার পক্ষ থেকে মাগুরিয়া গ্রামের ভিলেজ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ছাত্রটির বন্ধু অর্পণ সামন্ত ও সিভিক পুলিশের সহযোগিতায় দ্রুত অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

সময়মতো অ্যাডমিট কার্ড হাতে পেয়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয় সৌমেন। এই মানবিক উদ্যোগের জন্য কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য এবং শিক্ষক সুজন কুমার বেরা পুলিশ প্রশাসন ও ছাত্রের বন্ধুকে ধন্যবাদ জানান।ঘটনাটি ফের প্রমাণ করল, দায়িত্বের পাশাপাশি মানবিকতার দিক থেকেও পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে রয়েছে।