এলপিজি সিলিন্ডারের তীব্র সঙ্কট: লাচুংয়ে কাঠের চুলায় ফিরতে বাধ্য হোটেল-রেস্তোরাঁ

নিজস্ব প্রতিবেদক :
উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুংয়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ প্রায় শূন্যে নেমে আসায় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে গ্যাসের নতুন সিলিন্ডার না পাওয়ায় রান্নার কাজ কার্যত অচল হয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় হোটেল ও রেস্তোরাঁগুলিতে দৈনন্দিন রান্নার কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় গ্যাস মজুত প্রায় শেষের পথে। ফলে বাধ্য হয়েই বহু হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে আবারও ঐতিহ্যবাহী কাঠের চুলায় রান্না শুরু করেছে।

ব্যবসায়ীরা জানান, লাচুং মূলত একটি পর্যটন নির্ভর এলাকা। পর্যটকদের আগমনের উপরই এখানকার অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা নির্ভর করে। কিন্তু গ্যাসের এই তীব্র সঙ্কটের কারণে পরিষেবা দিতে গিয়ে তারা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কাঠের চুলায় রান্না করতে সময় বেশি লাগে এবং খরচও বাড়ে, ফলে ব্যবসায়িক চাপও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় পরিবহন ব্যবস্থা এবং আবহাওয়াজনিত সমস্যার কারণে অনেক সময় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। তবে এবার পরিস্থিতি বেশ দীর্ঘস্থায়ী হওয়ায় উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরবরাহ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে পর্যটন মরসুমে এই ধরনের সঙ্কট দীর্ঘদিন চলতে থাকলে পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তাই দ্রুত এলপিজি সিলিন্ডারের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।