নিজস্ব প্রতিবেদন :
সিকিম INSPIRES উদ্যোগের অধীনে নামচি জেলার রংগীত নদীতে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হলো অ্যাডভান্স রিভার র্যাফটিং অ্যান্ড সার্চ অ্যান্ড রেসকিউ কোর্সের উদ্বোধনী পর্ব। পনেরো দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কেমচে-স্থিত ইনস্টিটিউট অব হিমালয়ান ক্লাইম্বিং অ্যান্ড অ্যাডভেঞ্চার (IHCAE), যা পর্যটন ও অসামরিক বিমান চলাচল দফতরের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের উন্নত রাফটিং কৌশল, দ্রুত স্রোতের জলে উদ্ধার অভিযান, নিরাপত্তা বিধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার দক্ষতায় পারদর্শী করে তোলা। অভিজ্ঞ ও যোগ্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ও পরিচালন মানদণ্ড মেনে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামচির ডেপুটি ডিরেক্টর (DTO) লামিন থিং, ডেপুটি ডিরেক্টর (অ্যাডভেঞ্চার) মনোজ ছেত্রী, DTO নামচির প্রশিক্ষক ও কর্মীরা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৭ জন অংশগ্রহণকারী—যার মধ্যে ১৬ জন পুরুষ ও ১ জন মহিলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লামিন থিং বলেন, এই কোর্স কেবল উন্নত রাফটিং দক্ষতা অর্জনের সুযোগ নয়, বরং এটি সাহস, আত্ম-অন্বেষণ ও ব্যক্তিগত বিকাশের এক অনন্য যাত্রা। তিনি উল্লেখ করেন, রাফটিং দলগত সমন্বয়, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক, তবে প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি IHCAE-এর অধ্যক্ষ কাজি শেরপার নিরন্তর দিকনির্দেশনা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশিক্ষক ও আয়োজক দলের নিষ্ঠার প্রশংসা করেন। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা, একে অপরকে সহযোগিতা করা এবং এই প্রশিক্ষণকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর আহ্বান জানান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি ডিরেক্টর (অ্যাডভেঞ্চার) মনোজ ছেত্রী অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে তাঁদের উৎসাহের প্রশংসা করেন। তিনি বলেন, রাজ্য সরকার এ ধরনের উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন করে এবং মানসম্পন্ন প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম সহায়তা প্রদান করবে।
পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ এবং দলগতভাবে কাজ করার পরামর্শ দেন।উল্লেখ্য, প্রশিক্ষণের প্রথম ধাপের বেসিক কোর্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত অটল বিহারি বাজপেয়ী ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টস (ABVIMAS)-এ।
বর্তমানে দ্বিতীয় পর্যায়ের রিভার রাফটিং লেভেল-III ও IV প্রশিক্ষণ ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রংগীত নদীর সিকিপ থেকে সিসনির ড্যান্স এনার্জি ড্যাম পর্যন্ত বাণিজ্যিকভাবে উপযোগী রাফটিং অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।পরবর্তী ও চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি তিস্তা নদীর বারডাং-মামরিং অংশে, ওয়াই ওয়াই ফ্যাক্টরির নিম্নবর্তী অঞ্চলে অনুষ্ঠিত হবে।

