নিজস্ব প্রতিবেদন :
শিলিগুড়িতে প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হলো “৫ম নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি এক্সিবিশন”। শহরের তথ্যকেন্দ্রের অন্তর্গত রামকিঙ্কর হলে ১৪ মার্চ এই বিশেষ চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রকৃতিপ্রেমী সব্যসাচী চক্রবর্তী । তাঁর উপস্থিতি প্রদর্শনীকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়াও অনুষ্ঠানে শহরের বহু পরিবেশপ্রেমী, আলোকচিত্রী এবং প্রকৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সংস্থা অপটোপিক –এর উদ্যোগে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে তোলা প্রকৃতি ও বন্যপ্রাণের অসাধারণ মুহূর্ত ক্যামেরাবন্দি করে তুলে ধরা হয়েছে। বিরল পাখি, জঙ্গলের বন্যপ্রাণী, পাহাড়ি প্রকৃতি এবং পরিবেশের নানা রূপ ফুটে উঠেছে প্রতিটি ছবিতে, যা দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করছে।
আয়োজকদের তরফে পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী এবং অচিন্ত্য গুপ্ত জানান, প্রকৃতি ও বন্যপ্রাণের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। মানুষের কাছে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও পৌঁছে দিতে চায় এই উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রমবর্ধমান নগরায়নের যুগে প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ধরনের ফটোগ্রাফি প্রদর্শনী মানুষের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
১৪ মার্চ শুরু হওয়া এই প্রদর্শনী ১৫ মার্চ পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ইতিমধ্যেই বহু মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। প্রকৃতি ও বন্যপ্রাণের অসাধারণ সব ছবি দেখতে এবং সেই সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা অনুভব করতে শিলিগুড়ির এই প্রদর্শনী যেন এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।

