একুশের আবহে মাতৃভাষার আহ্বান, শিলিগুড়িতে স্বরচিত কবিতা পাঠ অর্চনা

নিজস্ব প্রতিবেদন :
আসন্ন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শিলিগুড়িতে ভাষা সচেতনতার বার্তা ছড়ালেন বাঘাযতীন কলোনির বাসিন্দা অর্চনা মিত্র। এই বিশেষ দিন উপলক্ষে তিনি নিজের লেখা কবিতা আবৃত্তি করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অর্চনা দেবী বর্তমানে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির দার্জিলিং জেলা সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের পক্ষ থেকেও একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলা পৃথিবীর অন্যতম সুমধুর ভাষা। বিশ্বজুড়ে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নিজস্ব সম্মান ও গুরুত্ব রয়েছে। তাই মাতৃভাষাকে অবহেলা না করে তার প্রচার ও প্রসারে প্রত্যেকেরই আন্তরিক হওয়া প্রয়োজন।

মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে তাঁর এই উদ্যোগ ভাষাপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বাংলা ভাষার ঐতিহ্য ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলেই মত সাংস্কৃতিক মহলের।