নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ির ফুলবাড়িতে অবস্থিত দার্জিলিং পাবলিক স্কুলে এই প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হল আন্তঃবিদ্যালয় প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা AAYAM 1.0। এই অনুষ্ঠানে শিলিগুড়ি সংলগ্ন এলাকার মোট ১৪টি স্কুলের প্রায় ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়।

প্রতিযোগিতায় মোট আটটি ভিন্ন ভিন্ন প্রযুক্তিনির্ভর বিভাগে লড়াই চলে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় ৬৯,৩০০ টাকা মূল্যের আর্থিক পুরস্কারের পাশাপাশি মেডেল, সার্টিফিকেট ও ট্রফি তুলে দেওয়া হয়।
এই প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ আগরওয়াল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শ্রী হর্ষ বিদাওয়াকতা এবং Geetbih Tech-up সংস্থার সংগঠক কেশব আগরওয়াল-সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি-নির্ভর বর্তমান বিশ্বে পড়ুয়াদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে AAYAM 1.0 নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ সোপান হিসেবে কাজ করবে—এ কথা একবাক্যে স্বীকার করছেন শিক্ষক, অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

