শিলিগুড়িতে গৌরবের দশক: The Himalayan Eye Institute-এর বর্ণাঢ্য দশবর্ষ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদন :
চক্ষু চিকিৎসায় শিলিগুড়ি তথা উত্তর–পূর্ব ভারতের অগ্রগণ্য প্রতিষ্ঠান The Himalayan Eye Institute ১৫ ফেব্রুয়ারি পূর্ণ করল তাদের সাফল্যমণ্ডিত দশ বছর। এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে শিলিগুড়ি আশ্রমপাড়ার কিরণ ভবনে দিনভর নানা আয়োজনে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

গত এক দশকে আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অসংখ্য মানুষের দৃষ্টি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই প্রতিষ্ঠান। বিশেষত মায়োপিয়া নিয়ে তাদের গবেষণা ও চিকিৎসা উদ্যোগ আন্তর্জাতিক পরিসরেও ইতিমধ্যে স্বীকৃতি অর্জন করেছে।

দশবর্ষ উদ্‌যাপনের সূচনা হয় রবিবার সকালে আয়োজিত এক রক্তদান শিবিরের মাধ্যমে। সমাজকল্যাণে দায়বদ্ধতার বার্তা তুলে ধরে বহু স্বেচ্ছাসেবী এতে অংশ নেন। বিকেলে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা হিমালয়ান আই ইন্সটিটিউটের উন্নত চিকিৎসা পদ্ধতি, গবেষণার অগ্রগতি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও।
অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জানানো হয়। এদিন The Himalayan Eye Institute-এর পক্ষ থেকে খবরের ঘন্টা-র সম্পাদক বাপি ঘোষকে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মান পাওয়ায় তিনি প্রতিষ্ঠানটির সমগ্র টিম ও পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Sri Ramakrishna Vedanta Math ও Ashrama-এর স্বামী রাঘবানন্দ মহারাজ, সমাজসেবী বেদব্রত দত্ত, অধ্যাপিকা ও সমাজসেবী বিদ্যাবতী আগরওয়ালা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও মর্যাদাপূর্ণ ও স্মরণীয়।