সন্ধ্যাকালীন OPD চালু শিলিগুড়ি জেলা হাসপাতালে, রোগী পরিষেবায় বড় স্বস্তি

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি শহর ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য বড় উদ্যোগ নিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। আনুষ্ঠানিকভাবে শুরু হল ইভনিং OPD পরিষেবা। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর প্রচেষ্টায় এই নতুন ব্যবস্থার সূচনা হয়েছে। ফলে দিনের ব্যস্ততা সামলে সন্ধ্যায় চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন বহু মানুষ।

দীর্ঘদিন ধরে সকালবেলার নিয়মিত OPD-তে রোগীর ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। অতিরিক্ত চাপের কারণে অনেককেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত। ইভনিং OPD চালু হওয়ার ফলে সেই ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র Gautam Deb। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকও উপস্থিত ছিলেন। মেয়র তাঁর বক্তব্যে জানান, সাধারণ মানুষের সুবিধা ও সময়ের কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময় মেনে চিকিৎসকেরা সন্ধ্যাকালীন OPD-তে রোগী দেখবেন। এতে অফিস ফেরত কর্মজীবী মানুষ কিংবা দিনের কাজ শেষে চিকিৎসা নিতে ইচ্ছুকদের জন্য বড় সুবিধা হবে।নতুন এই পরিষেবা চালু হওয়ায় শহরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ইভনিং OPD গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত স্বাস্থ্য মহলের।