ভোটের আগে ইভিএমে অনুশীলন, ধূপগুড়িতে সচেতনতা শিবিরে উৎসাহ ভোটারদের

নিজস্ব প্রতিবেদন :
ধূপগুড়িতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। ভোট ঘোষণার আগেই ইভিএমে ‘ভোট’ দিয়ে প্রক্রিয়া শিখে নিলেন বহু সাধারণ মানুষ। সোমবার সকাল থেকে ধূপগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে আয়োজিত হয় ইভিএম ডেমো ক্যাম্প, যেখানে হাতে-কলমে ভোটদানের পদ্ধতি বোঝানো হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন ধূপগুড়ির মহকুমা শাসক Shraddha Subba। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের সম্পূর্ণ প্রক্রিয়া সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। কীভাবে বোতাম টিপে ভোট দিতে হয়, ভোট রেকর্ড হয়েছে কিনা তা কীভাবে বোঝা যাবে—সবই বিস্তারিতভাবে প্রদর্শন করা হয়।

মহকুমা শাসক জানান, আগামী কয়েক দিন ‘দুয়ারে সরকার’ শিবিরের সামনেও এই প্রশিক্ষণমূলক কেন্দ্র চালু থাকবে। উদ্দেশ্য একটাই—ভোটের দিন যাতে কোনও বিভ্রান্তি বা আশঙ্কা না থাকে ভোটারদের মনে। স্বচ্ছ ও নির্ভুলভাবে প্রত্যেকে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকেই বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে। অনেকেই আগ্রহ নিয়ে ইভিএমে অনুশীলন করেন এবং ভোট প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করেন। নির্বাচনকে ঘিরে সচেতনতা বাড়াতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।