নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ির দক্ষিণ বাবুপাড়ায় বাবুপাড়া বয়েজ ক্লাব প্রাঙ্গণে শুরু হলো অত্যাধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র ‘ক্রিক জোন’। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজে লাগিয়ে ক্রিকেট শিক্ষাকে আরও উন্নত ও বৈজ্ঞানিক করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গত ১৫ ফেব্রুয়ারি, রবিবার আনুষ্ঠানিকভাবে এই অভিনব প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনেই ১২ জন শিশু ও কিশোর এখানে ক্রিকেট শেখার জন্য নাম নথিভুক্ত করে আগ্রহ প্রকাশ করেছে।
ক্রিক জোনের ডিরেক্টর সুশোভন দে জানান, শিলিগুড়ি তো বটেই, গোটা রাজ্যের মধ্যেই এই ধরনের এআই-নির্ভর ক্রিকেট প্রশিক্ষণ এই প্রথম। এখানে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন সন্দীপ সান্যাল। বিশেষ এআই-চালিত সফটওয়্যারের মাধ্যমে অনুশীলনের সময় খেলোয়াড়দের কোথায় কী ঘাটতি রয়েছে তা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হচ্ছে। ফলে খেলোয়াড়রা দ্রুত নিজের ভুল শুধরে নিতে পারছে এবং খেলার মান ক্রমশ উন্নত হচ্ছে।
এই নতুন উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় ক্রিকেট মহলে যথেষ্ট সাড়া ফেলেছে। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সোমা দাস। প্রযুক্তি ও খেলাধুলার মেলবন্ধনে ‘ক্রিক জোন’ ভবিষ্যতে ক্রিকেট প্রশিক্ষণে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

