তরুণ বয়সেই বাড়ছে হৃদরোগ, জীবনযাত্রা বদলেই মূল সমস্যা—শিলিগুড়িতে বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকদের মেগা হেলথকেয়ার ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক :
মাত্র ৩৫ থেকে ৪০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গেও তরুণ প্রজন্মের মধ্যে এই সমস্যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বেঙ্গালুরুর মেডিকভার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক ডাঃ নাগা শ্রীনিবাস মনে করছেন, এই পরিস্থিতির মূল কারণ জীবনশৈলীর আমূল পরিবর্তন। অতিরিক্ত ধূমপান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাব হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। রয়েছে সচেতনতার অভাব।

রবিবার, ১৮ জানুয়ারি বেঙ্গালুরু থেকে শিলিগুড়িতে এসে রোগী দেখেন ডাঃ নাগা শ্রীনিবাস। এই মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে খবরের ঘন্টা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “চিকিৎসার জন্য আর কষ্ট করে দক্ষিণ ভারতে যাওয়ার প্রয়োজন নেই। আমরা নিয়মিত প্রতি পনেরো দিন বা অন্তত মাসে একবার বিশেষজ্ঞদের টিম নিয়ে শিলিগুড়িতে আসব।” প্রয়োজনে সাধারণ মানুষ সরাসরি তাঁদের সঙ্গে স্বাস্থ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।

এই শিবিরে ডাঃ নাগা শ্রীনিবাস ছাড়াও উপস্থিত ছিলেন ইউরোলজিস্ট ডাঃ রাজথ রক্ষিত, নিউরোসার্জন ডাঃ সন্দীপ ভি কে, এবং অর্থোপেডিক সার্জন ডাঃ অভিজিৎ আর। আগামী ২৫ জানুয়ারি আরও একদল বিশেষজ্ঞ চিকিৎসক বেঙ্গালুরু থেকে শিলিগুড়িতে আসছেন বলেও জানানো হয়েছে।

এদিন ইউরোলজিস্ট ডাঃ রাজথ রক্ষিত বলেন, শিলিগুড়ি ও উত্তরবঙ্গে কিডনি স্টোনের সমস্যা দ্রুত বাড়ছে। এর প্রধান কারণ পর্যাপ্ত জল না খাওয়া এবং অতিরিক্ত মাংসজাত খাদ্য গ্রহণ। এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মানুষের সেবাকেই জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করেছেন তরুণী চিকিৎসক ডাঃ রোজি ডি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডাঃ রোজি ডি প্রথমে কিছুদিন আইনের পেশায় যুক্ত থাকলেও সেখানে মন না বসায় চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সম্পূর্ণ করেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন, মানবস্বাস্থ্যের উন্নতিতে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন।

বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় তিনি লক্ষ্য করেন, উন্নত চিকিৎসার আশায় বাংলার বহু মানুষ নিয়মিত দক্ষিণ ভারতে যাচ্ছেন। তখনই তাঁর মনে প্রশ্ন জাগে—এই পরিষেবা যদি বাংলাতেই, বিশেষত উত্তরবঙ্গের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তাহলে কত মানুষ উপকৃত হবেন। সেই ভাবনা থেকেই তিনি শিলিগুড়িতে ফিরে এসে এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসেন।

এই লক্ষ্যকে বাস্তব রূপ দিতে ডাঃ রোজি ডি প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংস্থা Ultra Life In Emergency Private Limited (ULE)। তাঁর এই মানবিক প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা পূজা মোক্তার এবং স্বেচ্ছাসেবী সংস্থার তরফে অরুণ দাস। তাঁদের সম্মিলিত উদ্যোগে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষ নামমাত্র খরচে দক্ষিণ ভারতের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

এই উদ্যোগের অংশ হিসেবেই ১৮ ও ২৫ জানুয়ারি শিলিগুড়িতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ মেগা হেলথকেয়ার ক্যাম্প। এই শিবিরে হৃদরোগ, স্নায়ু, কিডনি, ক্যান্সার, ইউরোলজি, অর্থোপেডিক্স ও গ্যাস্ট্রোএন্টারোলজি-সহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হচ্ছে।

শিবিরে উপস্থিত থাকছেন—

কার্ডিওলজিতে ডাঃ নাগা শ্রীনিবাস

নিউরো সার্জারিতে ডাঃ সন্দীপ ভি কে

নেফ্রোলজিতে ডাঃ মাধব দেশাই

অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে ডাঃ স্টালিন রামপ্রকাশ

ইউরোলজি ও ল্যাপারোস্কপিতে ডাঃ রাজথ রক্ষিত

অর্থোপেডিক্সে ডাঃ অভিজিৎ আর

গ্যাস্ট্রোএন্টারোলজিতে ডাঃ কৌশিক সুব্রামানিয়ান

রোগীদের জন্য এই শিবিরে থাকছে বিশেষ সুবিধা। বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষায় দেওয়া হচ্ছে ২০ শতাংশ ছাড়, থ্যালাসেমিয়া স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে সাধারণভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ১২০০ টাকা, সেখানে এই ক্যাম্পে মাত্র ৬০০ টাকায় চিকিৎসা পরামর্শ মিলছে।

মেগা হেলথকেয়ার ক্যাম্পের স্থান—সমৃদ্ধি হাসপাতাল (Samriddhi Hospital), সিকিম প্লাজা, থার্ড মাইল, সেভক রোড, শিলিগুড়ি। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বর— 7760323793, 9990527555, 8927581310 ও 8653358999।

ডাঃ রোজি ডির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল ও সাধারণ মানুষ। তাঁদের আশা, এই ধরনের প্রয়াস উত্তরবঙ্গের মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসা পরিষেবাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে।