মায়াপুর ইসকনে ধর্মীয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া নিরাপত্তায় মুখর তীর্থক্ষেত্র

নিজস্ব প্রতিবেদন :
শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমি মায়াপুর-এ অবস্থিত ইসকন চত্বরে বুধবার অনুষ্ঠিত হলো এক বিশেষ ধর্মীয় সমাবেশ। ওই অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বুধবার দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মায়াপুর ইসকনের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

সেখান থেকে তাঁর কনভয় পৌঁছে যায় ইসকনের রাধামাধব মন্দিরে। হরিনাম সংকীর্তনের ধ্বনিতে মুখরিত পরিবেশে রাধামাধবের দর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এরপর পদ্মভবনে ইসকনের সন্ন্যাসী ও সাধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। পরে ধর্মীয় মঞ্চে উঠে সনাতন ধর্ম ও বৈষ্ণব ভাবধারার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

মূলত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ-এর ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ প্রথমে শ্রীকৃষ্ণের মন্ত্রোচ্চারণ করেন। এরপর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শ ও তাঁর বিশ্বব্যাপী প্রভাব সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের জীবন ও কর্ম সম্পর্কেও ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে গত দু’দিন ধরেই মায়াপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর তৎপরতায় গোটা ইসকন চত্বর কার্যত নিরাপত্তার বলয়ে আবদ্ধ ছিল। নিরাপত্তার স্বার্থে বুধবার কয়েকটি মূল মন্দির সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানা যায়।

মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্বকেও একসঙ্গে দেখা যায়। অন্যদিকে, তাঁকে স্বাগত জানাতে ইসকনের মহারাজরা পুষ্পস্তবক ও ফুল-চন্দন দিয়ে বরণ করে নেন।এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধর্মীয় কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে।

তবে সবকিছু ছাপিয়ে এদিন মায়াপুর ইসকনে ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো।উল্লেখ্য, বারো মাসে তেরো পার্বণ উপলক্ষে সারা বছরই মায়াপুর ইসকনে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান লেগেই থাকে। দেশ-বিদেশের অসংখ্য ভক্তের উপস্থিতিতে প্রতিটি উৎসবই হয়ে ওঠে অন্যরকম