নিজস্ব প্রতিবেদন :
মহাশিবরাত্রি উপলক্ষে সোমবার, ১৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন সন্ন্যাসী বাবা মন্দির প্রাঙ্গণে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সন্ন্যাসী বাবা মন্দির পূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও।
এই শিবির পরিচালনার দায়িত্বে ছিল বিধান নগর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সংগঠন।

মন্দির কমিটির সম্পাদক গৌতম সিংহ জানান, এই প্রথমবার তাঁদের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এলাকার সমাজসেবী করুনা সিংহের অনুরোধে আগামী বছরও একইভাবে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।এদিন শিবিরে উপস্থিত থেকে নিজের জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতে করুনা সিংহ রক্তদান করেন এবং কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন। তিনি বলেন, “জন্মদিনকে অর্থবহ করতেই রক্তদানের সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী অরুণ সিংহ, রোমা দাস, রাহুল সাহা ও সুজিত সিং উপস্থিত ছিলেন। পাশাপাশি বিধান নগর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার-এর পক্ষ থেকে এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
ধর্মীয় আবহের মধ্যেও এদিনের এই সামাজিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা অর্জন করে।

