নিজস্ব প্রতিবেদন :
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-এর সরলা সুন্দরী বিদ্যালয়-এর টিচার ইনচার্জসহ চারজন শিক্ষক বুধবার পরিদর্শনে আসেন শিলিগুড়ি মহকুমার বিধান নগর-এ অবস্থিত মুরালীগঞ্জ হাইস্কুল-এ।

সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নজরে আসার পরই তাঁদের আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকেই এদিন সরেজমিনে স্কুলটি ঘুরে দেখেন তাঁরা। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং শিক্ষাব্যবস্থার মান দেখে তাঁরা গভীরভাবে মুগ্ধ হন।
একটি সরকারি বিদ্যালয় কীভাবে একসঙ্গে পাঠদান, সাংস্কৃতিক চর্চা, খেলাধূলা, সৃজনশীল কর্মকাণ্ড, উন্নত পরিকাঠামো ও নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে—তার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন আগত শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলমের নেতৃত্বে পরিচালন কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তাঁরা। তাঁদের মতে, সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সরকারি স্কুলও উৎকর্ষতার শিখরে পৌঁছাতে পারে।
এদিন উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান দিলীপ রায়, মার্গারেট হাইস্কুল-এর শিক্ষিকা তথা বরো চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায় এবং বাল্মিকী স্কুল-এর ভূগোল শিক্ষিকাও। তাঁরা বিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতির পরিবেশ, ক্রীড়া চর্চা এবং সামগ্রিক উন্নয়ন দেখে অভিভূত হন।
রাজ্যের বহু সরকারি উচ্চ বিদ্যালয় যখন নানা সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছে, তখন মুরালীগঞ্জ হাইস্কুল এক উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত শিক্ষাবিদরা।সকলের বক্তব্য—“ইচ্ছা থাকলে উপায় হয়”—আর সেই সত্যকেই বাস্তবে প্রমাণ করেছেন প্রধান শিক্ষক সামসুল আলম ও তাঁর সমগ্র টিম।

