নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়িতে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে বহু মানুষ দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারত, বিশেষত বেঙ্গালুরুর দিকে চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন। তবে এবার সেই বেঙ্গালুরুতেই চিকিৎসা করাতে গিয়ে প্রতারণা, দুর্ব্যবহার ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে সরব হলেন শিলিগুড়ির ভক্তিনগরের শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা সমাজসেবী পূজা মোক্তার।

এই ঘটনাকে কেন্দ্র করে ভক্তিনগর থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ, শুরু হয়েছে তদন্ত।পূজা মোক্তারের দাবি, কিছুদিন আগে বেঙ্গালুরু থেকে চিকিৎসক ডা. রোজি ডি শিলিগুড়িতে একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের উদ্যোগ নেন। জানানো হয়েছিল, ওই শিবিরে বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত থাকবেন।
দরিদ্র ও সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে তিনি এই উদ্যোগে সহযোগিতা করেন। শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে শিবির চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে বাথরুমে অজ্ঞান হয়ে পড়েন পূজাদেবী ।এরপর তাঁকে পরীক্ষা করে ডা. রোজি ডি দ্রুত বেঙ্গালুরু নিয়ে গিয়ে পেসমেকার বসানোর পরামর্শ দেন বলে অভিযোগ।
পূজা মোক্তারের বক্তব্য, তাঁর পরিবারের অনুমতি ছাড়াই তাঁকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয় এবং সেখানে অপারেশনের মাধ্যমে পেসমেকার বসানো হয়। যদিও শুরুতে বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছিল, বাস্তবে তাঁর কাছ থেকে অর্থ নেওয়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত কোনও প্রেসক্রিপশন বা নথি তাঁকে দেওয়া হয়নি, বরং সবকিছু চিকিৎসকের কাছেই রেখে দেওয়া হয়।
অপারেশনের পর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে দ্রুত শিলিগুড়িতে ফেরত পাঠানো হয় বলেও তিনি দাবি করেছেন।
এই ঘটনাকে গুরুতর অনিয়ম হিসেবে তুলে ধরে ভক্তিনগর থানায় ডা. রোজি ডি-র বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন পূজা মোক্তার। অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ডা. রোজি ডি প্রথমে ফোনে জানান, তিনি পরদিন সকালে প্রতিক্রিয়া জানাবেন।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁর তরফে কোনও উত্তর মেলেনি। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনাকে ঘিরে শিলিগুড়ি ও বেঙ্গালুরুর চিকিৎসক মহল এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পূজা মোক্তার জানিয়েছেন, এতকিছুর পরেও অভিযুক্ত চিকিৎসক পুনরায় শিলিগুড়িতে স্বাস্থ্য শিবির আয়োজনের চেষ্টা করছেন। এর প্রতিবাদে তাঁদের সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

